
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্যকে দুঃখজনক, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।তাঁর রাজনৈতিক অবস্থান মূল্যায়নের ক্ষেত্রে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, আদর্শ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিচ্ছিন্ন কোনো ঘটনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যের প্রচার-প্রচারণার পরিমাণ দিয়ে একজন রাজনৈতিক নেতার অবস্থান নির্ধারণ করা যথাযথ নয় বলেও মন্তব্য করা হয়েছে।প্রতিক্রিয়ায় বলা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান প্রমাণের জন্য প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়া কিংবা প্রতিটি ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোই একজন রাজনৈতিক নেতার দায়িত্বের একমাত্র মাপকাঠি হতে পারে না। রাজনীতি শুধু বক্তব্যনির্ভর নয়; আদর্শ, সাংগঠনিক কর্মকাণ্ড, দায়িত্বশীলতা ও বাস্তব ভূমিকার সমন্বয়।এতে আরও বলা হয়, দেশের কোথাও কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তার প্রতিবাদ হওয়া উচিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ দেখা যায়নি, এমন অভিযোগের ভিত্তিতে একজন সংসদ সদস্যকে সরাসরি দায়ী করা কতটা যৌক্তিক, তা বিবেচনার বিষয়। অপরাধের দায় অপরাধীর এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের।পাবনায় কোনো রাজনৈতিক মিছিল সংঘটিত হলে তার দায় সরাসরি স্থানীয় সংসদ সদস্যের ওপর চাপিয়ে দেওয়ারও সমালোচনা করা হয়। কোনো নিষিদ্ধ সংগঠনের মিছিল কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়ার আহ্বান জানানো হয়েছে।প্রতিক্রিয়ায় আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে সমালোচনার নামে ব্যক্তিগত রাজনৈতিক চরিত্র হনন কিংবা ভিত্তিহীন দায় চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের রাজনৈতিক পরিচয় দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে গড়ে উঠেছে উল্লেখ করে বলা হয়, তাঁর বক্তব্য, কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কারও প্রশ্ন থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তা উত্থাপন করা উচিত। জনগণও তাঁর রাজনৈতিক ভূমিকা মূল্যায়ন করবে।সবশেষে পাবনার রাজনীতিতে বিভ্রান্তি ও ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে সত্য, যুক্তি, রাজনৈতিক শালীনতা এবং দায়িত্বশীল চর্চার আহ্বান জানানো হয়।
মন্তব্য
শেয়ার করুন-






















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।