
পাবনায় ঝটিকা মশাল মিছিল ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা সদর থানা পুলিশ এবং দোগাছি ও ভাঁড়ারা বিট পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আবু আশ্রাফের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, দুই দিন আগে পাবনা সদর উপজেলার দোগাছি ও ভাঁড়ারা ইউনিয়নে ঝটিকা মশাল মিছিল বের করা হয়। ওই ঘটনার তদন্ত এবং গোপন সংবাদের ভিত্তিতে মিছিলে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে শনাক্ত করে জেলা পুলিশ। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।অভিযান পরিচালনায় দোগাছি ও ভাঁড়ারা বিট পুলিশের বিট অফিসার আবু রায়হান কৌশলগত ভূমিকা পালন করেন। তাঁর তৎপরতা ও সমন্বয়ে যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার খয়েরসূতি গ্রামের মৃত মহরম আলীর ছেলে মো. মোফাজ্জল হোসেন মায়া (৭২), কায়েমখোলা গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে মো. মনিরুজ্জামান ওরফে রনি (৪০) এবং একই গ্রামের আসলাম প্রাংয়ের ছেলে মো. মারুফ হোসেন (৪০)।পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালামের তত্ত্বাবধানে এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের নেতৃত্ব ও সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানিয়েছে, মশাল মিছিলের ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মন্তব্য
শেয়ার করুন-























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।