
মোঃ লিটন সিকদারনড়াইলের কালিয়ায় নিহত বিএনপি নেতা সোহেল মোল্লা ও শাহিন শেখের কবর জিয়ারত করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ফরহাদ।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা কালিয়ায় পৌঁছে নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. অহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিমসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বলেন, এ ধরনের মর্মান্তিক মৃত্যু কারও কাম্য নয়। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি ভবিষ্যতে কালিয়ার মাটিতে যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
কবর জিয়ারতকে কেন্দ্র করে সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় নিহত সোহেল মোল্লা ও শাহিন শেখের পরিবারের সদস্য এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত নেতারা।
নিহত দুই নেতার স্মরণে দোয়া ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।






















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।