সাঁথিয়ায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, বাদ দেওয়া হয়েছে পুরোনো রাস্তার অংশ

24 Nov 2026, 20:37 · মোঃ মনিরুজ্জামান — Staff Reporter

‎পাবনার সাঁথিয়া উপজেলায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের খোয়া ব্যবহার, রাস্তার দুই পাশে বাঁশ দিয়ে প্যালাসাইডিং এবং পুরোনো সড়কের ১২ থেকে ১৪ ফুট অংশ বাদ দিয়ে নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এভাবে কাজ চলতে থাকলে সরকারি অর্থ ব্যয় হলেও টেকসই উন্নয়ন পাবে না এলাকাবাসী।
‎সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের কয়েকটি সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় এ নির্মাণকাজ চলছে। কাজের গুণগত মান নিয়ে অভিযোগ তুললেও ঠিকাদার তা আমলে নিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, করমজা ইউনিয়নের শরিষা ইছামতী নদী থেকে মোজা সরদারের বাড়ি পর্যন্ত, গোলাম মুক্তি সরদারের বাড়ি থেকে করিম হাজীর বাড়ির মোড় পর্যন্ত এবং আখতারুজ্জামান রোয়েন মেম্বারের বাড়ি থেকে সোহেলের বাড়ি পর্যন্ত কয়েকটি অংশে একটি প্যাকেজের আওতায় কাজ করা হচ্ছে। প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে এসব সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের দায়িত্ব পেয়েছেন ঠিকাদার আইনুল হক।
‎সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে নির্মাণকাজ চলছে। কাজে ব্যবহৃত খোয়া নিম্নমানের। হাতের তালুতে চাপ দিলেই খোয়া গুঁড়া হয়ে যাচ্ছে। বাহির থেকে পচা রাবিশ নিয়ে রাস্তায় দেওয়া হচ্ছে। পরিত্যক্ত ইট এনে ভেঙেও রাস্তায় ফেলানো হচ্ছে।  এ ছাড়া রাস্তার দুই পাশে বাঁশ দিয়ে প্যালাসাইডিং করা হচ্ছে। এসব উপকরণ ও নির্মাণপদ্ধতি নিয়ে একাধিকবার অভিযোগ তুললেও সংশ্লিষ্টরা কোন তোয়াক্কা করেনি।
‎স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পুরোনো রাস্তার প্রায় ১২ থেকে ১৪ ফুট অংশ বাদ দিয়েই নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে সড়কের ধারাবাহিকতা ও সংযোগ নিয়ে সমস্যা তৈরি হবে। বিশেষ করে কৃষকদের মাঠ থেকে ফসল পরিবহন এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির আশঙ্কা করছেন তারা। এমনভাবে রাস্তা পুনরায় নির্মাণ হলে মাঠ থেকে ফসল আনতে পুর্বের চেয়ে বেশি ভোগান্তি পোহাতে হবে কৃষকদের।
‎নির্মাণকাজের মান নিয়ে ঠিকাদার আইনুল হকের কাছে আপত্তি জানালেও তিনি তা গুরুত্ব দেয়নি। বরং নিজের মতো করে খেয়াল খুশিতে কাজ চালিয়ে যাচ্ছেন। নানাভাবে স্থানীয়দের হুমকি ধমকিও দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে কাজে বাঁধা দিলেও কোন কাজ হয়নি। এলজিইডি অফিসে অভিযোগ দিলেও তারা ব্যবস্থা গ্রহণ না করে ঘটনাস্থল থেকে ঘুড়ে চলে আসেন।
‎স্থানীয়দের দাবি, এর আগেও ঠিকাদার আইনুল হকের বিরুদ্ধে সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল।  আগে আওয়ামী লীগের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ঠিকাদারি ব্যবসা করলেও ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন ঠিকাদারি কাজ করছেন। রাজনৈতিক প্রভাব দেখিয়ে নিম্ন মানের কাজ তরিঘরি করে শেষ করেন। এলজিইডি অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এমন নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।
‎নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, এতো নিম্নমানের কাজ হচ্ছে এটাকে চতুর্থ শ্রেণির কাজ বলা চলে। এ কাজ বেশিদিন টিকবে না। শুধু শুধু সরকারি টাকা অপচয় করা হচ্ছে। শুনছি এখানে নাকি কয়েকজন মিলে কাজ করতেছে। এদের ভয়ে প্রকাশ্যে কথাও বলা যায় না। কাজের মান নিয়ে প্রশ্ন তুললে নানাভাবে হুমকি দেয়। নিম্নমানের খুয়া এখান থেকে সরিয়ে নিতে হবে। প্রয়োজনে আন্দোলন করা হবে।
‎ঠিকাদার আইনুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
‎এ বিষয়ে সাঁথিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী খান বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
‎সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে আমি উপজেলা প্রকৌশলীকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।