মুকসুদপুরে পরিবহনের ধাক্কায় নিহত-১

13 Nov 2026, 17:38 · শহীদুল ইসলাম — মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি


গোপালগঞ্জের মুকসুদপুরে এক দুর্ঘটনাকে কেন্দ্র করে ১৫ টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী (৫০) গুরুতর আহত হয় তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বিকালের দিকে পথিমধ্যে  তিনি মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে।
এমপি সেলিমুজ্জামান ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে মুকসুদপুরে যাচ্ছিলেন। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
প্রথমে একটি ট্রাকের পিছনে ডলফিন  পরিবহনের যাত্রীবাহী ধাক্কা মারে। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সঙ্গে ধাক্কা খায়।
এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক সহ ১৫ যানবাহন সংঘর্ষ  হয়।
মুকসুদপুর থানার  ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।